ডেঙ্গু প্রতিরোধে বগুড়া সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক র‍্যালি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ জুন ২০২৬ ১৬:১৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালি করেছে বগুড়া সিটি করপোরেশন। শনিবার সকাল সাড়ে ৯টায় শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন কর্মসূচির উদ্বোধন করেন। পরে একটি সচেতনতামূলক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিটি সাতমাথা থেকে শুরু হয়ে কাঠালতলা, নবাববাড়ি ও জলেশ্বরীতলা এলাকা প্রদক্ষিণ করে নগর ভবনে গিয়ে শেষ হয়। কর্মসূচির উদ্দেশ্য ছিল ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে এম আর ইসলাম স্বাধীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শহরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ফুলের টব, ড্রাম, বালতি ও পরিত্যক্ত টায়ারে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি বাড়ির ছাদ ও কার্নিশে কোথাও পানি জমেছে কি না, তা নিয়মিত খেয়াল রাখার পরামর্শ দেন।

 

তিনি আরও বলেন, প্রতি সপ্তাহে অন্তত একবার ঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার করতে হবে। মশার প্রজননস্থল ধ্বংসে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

 

র‌্যালিতে শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।