বগুড়ায় অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার
বগুড়ার গাবতলীতে জাম্বুরা গাছ থেকে হাত বাঁধা অবস্থায় রাকিব (৩২) নামের এক অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) রাতে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মহিষবাথান পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি, এটি হত্যা নয় বরং মাদকাসক্তি ও পারিবারিক অভিমানে আত্মহত্যার ঘটনা।
রাকিব বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের কর্পুর গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি গাবতলীতের তাঁর শ্বশুরবাড়িতে এসেছিলেন।
জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে অভিমান করে শনিবার রাতের কোনো একসময় শ্বশুরবাড়ি সংলগ্ন একটি জাম্বুরা গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস নেন রাকিব। রবিবার (৩১ মে) সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন গাছের সঙ্গে তাঁর মরদেহ ঝুলতে দেখে গাবতলী থানা-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাদকাসক্তি ও পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।