শেরপুরের ঐতিহ্যবাহী কেল্লাপোষী মেলায় জুয়ার আসর, ৫ জুয়াড়ি গ্রেফতার
শেরপুর(বগুড়া)উপজেলা সংবাদাতা
বগুড়ার শেরপুর উপজেলার ৪৭০ বছরের ঐতিহ্যবাহী কেল্লাপোষী মেলায় জুয়া খেলার সময় পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানাধীন ১নং কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোষী গ্রামে শেরপুর-নন্দীগ্রাম সড়কের উত্তর পাশে বটতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে মোঃ আবু তালেব (৩৪), মোঃ কাইয়ুব মিয়া (৫০) ও মোঃ ওলিউল্লাহ (২০) নামে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
অপরদিকে দুবলাগাড়ী বাজারের রাহুল আইটির পাশের একটি ফাঁকা স্থানে অভিযান চালিয়ে মোঃ শহিদুল ইসলাম সরদার (৫৫) ও মোঃ আব্দুর রাজ্জাক (৪৮) নামে আরও দুই জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয়রা জানান, প্রতিবছরের মতো এবারও ঐতিহ্যবাহী কেল্লাপোষী মেলাকে কেন্দ্র করে বিপুল মানুষের সমাগম ঘটে। তবে মেলার আড়ালে কিছু অসাধু ব্যক্তি জুয়ার আসর বসিয়ে পরিবেশ নষ্টের চেষ্টা করছিল। পুলিশের অভিযানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঈনুদ্দীন বলেন,মেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।