বগুড়ায় আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু
স্টাফ রিপোর্টার
বগুড়ার কাহালু উপজেলায় আগুনে পুড়ে সোনিয়া খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ তার শিশু কন্যাও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার শিকড় নারহট্ট গ্রামে এ ঘটনা ঘটে।
মানসিক ভারসাম্যহীন নিহত সোনিয়া খাতুন ওই এলাকার নিজামের স্ত্রী এবং তাদের মেয়ে মেহা মনি (১০) শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
কাহালু থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোনিয়া বাবার বাড়িতে মেয়েকে নিয়ে বসবাস করতেন। সকালে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে রান্নার কাজ করছিলেন। এ সময় তার ঘরে আগুন দেখতে পান তারা।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘরের ভেতর থেকে সোনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। দগ্ধ অবস্থায় তার মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ওসি শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থলে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যার উদ্দেশ্যে আগুন লাগিয়ে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।