স্ত্রী চলে যাওয়ার পর ফেসবুকে স্ট্যাটাস, বগুড়ায় ধণাঢ্য ব্যবসায়ীর আত্মহত্যা
স্টাফ রিপোর্টার
বগুড়ায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আত্মহত্যার আগে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পরে বিষাক্ত ট্যাবলেট সেবনের পর তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
রাহুল যাদব বগুড়া শহরের নামাজগড় ডালপট্টি এলাকার বাসিন্দা। তিনি ডাল আমদানির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে কয়েক মাস আগে রাহুল যাদবের স্ত্রী তাঁদের আট বছর বয়সী মেয়েকে রেখে অন্যত্র চলে যান। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে চলে যাওয়ার ইঙ্গিত দেন তিনি।
এরপর দুপুরের দিকে নিজ বাড়িতে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন রাহুল। অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে তাঁর মৃত্যু হয়।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল সাদিক বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।