নওগাঁয় ২ লাখ ৬১ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ ২০:২৩ ।
পঠিত হয়েছে বার।

নওগাঁয় হাম আক্রান্তদের সংখ্যা খুবই বাড়ছে। এ পর্যন্ত ২৪১ জন শিশু সন্দেহভাজন হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। শিশুদের নিরাপদ রাখতে জেলায় হাম ও রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলার ১১টি উপজেলায় ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। এ উপলক্ষে আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়েছে। 

সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত জেলার ১১টি উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। তিনি বলেন, “এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকর। এতে উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।”

তিনি আরও জানান, এবারের ক্যাম্পেইনে জেলার মোট ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রায় ৭ হাজার শিশুকে টিকা প্রদান সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবকদের নির্ধারিত টিকাকেন্দ্রে উপস্থিত হয়ে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে জেলায় সন্দেহভাজন হাম আক্রান্ত ২৪১ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে, যা পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছেন।

স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার পাশাপাশি টিকাদান কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে স্থানীয় কিন্তু ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন