বগুড়ায় ছাত্রাবাস ও বাগানে অভিযান: মাদক ও বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ ২০:১৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৭৬ বার।

বগুড়ায় মাদক ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে শহরের নিশিন্দারা খাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. আলামিন (২৩)। তিনি নিশিন্দারা খাপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে। আলামিনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।

 

অভিযানে তাঁর কাছ থেকে ১৪ বোতল ফেয়ারডিল মাদক, একটি চায়নিজ কুড়াল, দুটি হাসুয়া, একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি দেশীয় চাকু এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিশেষ মাস্ক উদ্ধার করা হয়।

 

ডিবির ওসি ইকবাল বাহার জানান, মাদক ও অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে এসআই মো. ইফতেখাইরুল ইসলামের নেতৃত্বে একটি দল দুপুর আড়াইটার দিকে নিশিন্দারা এলাকার আলিফ লাম মিম ছাত্রাবাসের একটি কক্ষ এবং পাশের ইউক্লিপ্টাস বাগানে বিশেষ অভিযান চালায়। এ সময় আলামিনকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।