বগুড়া, খুলনা ও ফতুল্লার স্টেডিয়ামকে ফের আন্তর্জাতিক মানে ফেরাতে উদ্যোগ বিসিবির
পুণ্ড্রকথা ডেস্ক
বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা দেশের তিনটি গুরুত্বপূর্ণ ভেন্যুকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে নতুন অ্যাডহক কমিটি।
গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল জানিয়েছেন, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম এবং ফতুল্লার শহীদ রিয়া গোপ স্টেডিয়াম (সাবেক খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম)—এই তিনটি ভেন্যুকে আন্তর্জাতিক মানে ফিরিয়ে আনতে জরুরি পদক্ষেপ নেয়া হবে।
একসময় আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত এই মাঠগুলো দীর্ঘদিন অব্যবহৃত থাকায় কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে পুরুষদের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় ২০০৬ সালে, যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ আয়োজন করা হয়েছিল। দু্ই বছর বিরতি দিয়ে নারীদের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয়েছিল স্টেডিয়ামটিতে। এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি এই ভেন্যুতে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ গড়ায় ২০১৬ সালে, যখন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করে বাংলাদেশ। এরপর মাঝে মাঝে ঘরোয়া ক্রিকেট হলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে পড়ে ভেন্যুটি।
অন্যদিকে ফতুল্লার স্টেডিয়ামে সর্বশেষ বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচ খেলে ২০১৪ সালে, যেখানে আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলে স্বাগতিকরা।
বাবুল বলেন, ‘এই মাঠগুলো একসময় আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভেন্যু ছিল। কিন্তু দীর্ঘদিন খেলা না হওয়ায় স্বীকৃতি হারিয়েছে। এখন আমাদের অনেক মাঠের প্রয়োজন। তাই এগুলোকে আবার আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসার জন্য কাজ করব।’
তিনি আরও জানান, শুধু সংস্কার নয়, আন্তর্জাতিক মান বজায় রাখতে প্রয়োজনীয় সব অবকাঠামো উন্নয়ন, উইকেট প্রস্তুতি এবং প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করা হবে।
নতুন বোর্ডের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ক্রিকেট ভেন্যুর সংখ্যা বাড়বে এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগও আরও বিস্তৃত হবে।