শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ ও কৃষি উপকরন বিতরণ

শেরপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ ২০:১০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার শেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে পাট, গ্রীষ্মকালীন তিল ও উফশী আউশ ধানের বীজ, রাসায়নিক সার এবং পিঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার(০৮ এপ্রিল)বিকেল সাড়ে ৩টায় শেরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।

 

শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে শেষে কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা প্রদানের লক্ষ্যে আউশ ধানের জন্য ৩৭০০ জন, পাটের জন্য ১৩০ জন এবং তিলের জন্য ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এছাড়া পিঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ৪ জন কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।