শত বছর ধরে মানবতার আলোয় আলোকিত আকবরিয়া
প্রেস বিজ্ঞপ্তি
শত বছরের গৌরবময় ইতিহাস বয়ে চলা প্রতিষ্ঠান আকবরিয়া লিমিটেড আজ শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম নয়, বরং মানবতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল প্রতীক। সময়ের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি নিজস্ব ঐতিহ্যকে ধারণ করে সমাজের প্রতিটি স্তরের মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।
আকবরিয়ার সবচেয়ে ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হলো গভীর রাতে ভাসমান, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ। যখন শহরের ব্যস্ততা থেমে যায়, চারপাশে নেমে আসে নীরবতা—ঠিক সেই সময়ই শুরু হয় তাদের মানবিক কার্যক্রম। মধ্যরাত পেরিয়ে ক্ষুধার্ত মানুষের হাতে ভালোবাসা ও সম্মানের সাথে খাবার তুলে দেওয়া হয়। এই উদ্যোগ যেন মানবিকতার এক জীবন্ত প্রতিচ্ছবি। অনেক ভাসমান মানুষের জন্য এটি প্রতিদিনের বেঁচে থাকার একমাত্র ভরসা।
শুধু রাতের খাবার বিতরণেই সীমাবদ্ধ নয়, সারা বছর ধরেই প্রতিষ্ঠানটি বিভিন্ন সামাজিক উদ্যোগ পরিচালনা করে আসছে। দরিদ্র ও অসহায় মানুষকে সহায়তা, বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রমজান মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির মাধ্যমে হাজারো রোজাদারের মুখে হাসি ফোটানো তাদের একটি নিয়মিত উদ্যোগে পরিণত হয়েছে। শিক্ষা বিস্তারেও আকবরিয়ার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের আনন্দ ভাগাভাগি ও বিশ্ব ভালোবাসা দিবসে এতিম ও পথশিশুদের উন্নতমানের খাবার বিতরণ, অসহায় ক্ষুদে শিক্ষার্থীদের ঈদসামগ্রী বিতরণ ও দেশের দুর্যোগকালে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি, চোখের দৃষ্টি ফেরাতে বিনামূল্যে চোখের অপারেশনের ব্যবস্থা, শীতকালে উষ্ণতার পরশ দিতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ নানা মানবিক কাজ বাস্তবায়ন করছে। বিশেষ করে মাদকমুক্ত সমাজ গঠনে যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি আকবরিয়ার পণ্যও সমানভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। দীর্ঘদিন ধরে মানসম্মত, স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাদ্যপণ্য উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি অর্জন করেছে ভোক্তাদের অগাধ আস্থা। আকবরিয়ার প্রতিটি পণ্যই তৈরি হয় উন্নত মানের কাঁচামাল, আধুনিক প্রযুক্তি এবং কঠোর মাননিয়ন্ত্রণের মাধ্যমে। বিশুদ্ধতা, স্বাদ ও গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি কখনোই আপস করে না। ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রাহকদের কাছে আকবরিয়ার পণ্য হয়ে উঠেছে নির্ভরযোগ্যতার প্রতীক। গ্রাহকদের বিশ্বাস, 'আকবরিয়া' নামের মধ্যেই রয়েছে স্বাদ, গুণ ও মানের নিশ্চয়তা।
আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল বলেন, মানবজাতি পরস্পরের সঙ্গে আত্মার বন্ধনে আবদ্ধ। সুখ-দুঃখ ভাগাভাগি করার মধ্যেই প্রকৃত মানবিকতা নিহিত। এই মানসিকতাকে ধারণ করে সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে কাজ করছে আকবরিয়া। দুঃখী মানুষের দুঃখ মোচন, বিপন্ন জনের কল্যাণে সেবার হাত বাড়িয়ে দেয়া, ছোট ছোট উপকারে ব্রতী হওয়ার মধ্যেই মনুষ্যত্বের বিকাশ ঘটানো সম্ভব। এমন চিন্তা-চেতনাকে প্রতিনিয়ত বাস্তবে রূপ দিয়ে যাচ্ছে আকবরিয়া। শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে আমরা মানবতার সেবায় কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।