বগুড়ায় মারামারির সময় ননদের ধাক্কায় ভাবী নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ ১৪:৫৪ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১৬৩ বার।

বগুড়ার শিবগঞ্জ পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মারামারির সময় ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

 

নিহতের নাম মোমেনা বেগম(৬৮)। তিনি ওই এলাকার বাবু সরকারের স্ত্রী। 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার শেফালী বেগমের পরিবারের সঙ্গে ননদ জোলেখা ও তার স্বামী বেলাল হোসেনের পরিবারের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকত।

 

রবিবার সকাল সাড়ে আটটার দিকে ওই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন মোমেনা বেগম। প্রতিপক্ষ বেলাল হোসেন ও তার স্ত্রী জোলেখার আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই মোমেনা বেগমের মৃত্যু হয়।

 

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের অভিযান চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।