বগুড়ায় একটি বিদ্যালয়ে রহস্যজনক আগুন

গাবতলী( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ ২০:০১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১১৮ বার।

বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের 'বুরুজ আদর্শগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে সংঘটিত এই অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।

 

স্থানীয় লোকজন এই ঘটনাকে পরিকল্পিত ও নাশকতা বলে দাবি করছেন। তাদের মতে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে মিটার বা মেইন সুইচ পুড়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে তেমন কোনো আলামত পাওয়া যায়নি। এলাকাবাসীর অভিযোগ, অফিস কক্ষের ভেতরে নির্দিষ্ট এক জায়গায় কাগজপত্র স্তূপ করে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দরজা ও জানালা বন্ধ থাকা অবস্থায় স্কুলের অফিস কক্ষের ভেতরে আগুন লাগার বিষয়টি রহস্যজনক।

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিরোধ চলছিল। গুরুত্বপূর্ণ তথ্য গোপনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে বলে তারা মনে করছেন।

 

স্কুলের নাইট গার্ড রফিকুল ইসলাম রবিন জানান, তিনি রাতে স্কুলের অন্য কক্ষে ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং কিছু টের পাননি। প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন, বুধবার সকালে আগুন লাগার বিষয়টি তিনি জানতে পারেন এবং আগুনে স্কুলের অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

 

উপজেলা শিক্ষা অফিসার তারিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।