নওগাঁয় মেরামতের জন্য গ্যারেজে রাখা বাসের ভেতর থেকে হেলপারের মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ ১৮:২০ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁ শহরে মেরামতের জন্য গ্যারেজে রাখা বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামে ওই বাসের হেলপার এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের বাইপাস বরুণকান্দির মোড়ে একটি গ্যারেজে রাখা বাস থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত জাহিদ ইসলাম জেলার মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে। তিনি বি.আর. সুপার পরিবহন নামের একটি বাসে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে ঘিরে পরিবারের পক্ষ থেকে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে ।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে ওই পরিবহনে কাজ করছিলেন জাহিদ। সোমবার সকালে বাসটি মেরামতের জন্য বরুণকান্দি মোড়ের একটি গ্যারেজে নেওয়া হয়। রাতে খাবার খেয়ে সহকর্মী ইউসুফের সঙ্গে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন তিনি।

 

তবে মঙ্গলবার সকালে সহকর্মী ইউসুফ ঘুম থেকে ডাকার পরও জাহিদের কোনো সাড়া না পেলে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

এদিকে, স্বজনদের দাবি জাহিদের মৃত্যু স্বাভাবিক নয়। তাদের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। মরদেহের অবস্থান ও পরিস্থিতি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

 

নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

 

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং হত্যার কোনো আলামত পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।