বগুড়ায় ট্রাকচাপায় কিশোর নিহত
স্টাফ রিপোর্টার
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে উৎসব (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।
রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের কদমকুড়ি-পেংহাজকি আঞ্চলিক সড়কের ধুন্দার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উৎসব বুড়ইল ইউনিয়নের মাড়িয়া গ্রামের শ্রী বিকাশ চন্দ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উৎসব সাইকেল নিয়ে বাড়ি থেকে পাশের বনকুড়ইল গ্রামে হরিবাসরে যোগ দিতে যাচ্ছিল। পথিমধ্যে ধুন্দার বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক শামস মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।