বগুড়ায় ২২ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ ১৪:০৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার আদমদিঘী উপজেলার বাগবাড়ীয়া এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এ ঘটনার পর ওই পথ দিয়ে রেল চলাচল বন্ধ হয়ে পড়ে। পরবর্তীতে প্রায় ২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২ টার দিকে চিলাহাটী থেকে ছেড়ে যাওয়া সীমান্ত এক্সপ্রেস নামের ট্রেন খুলনার উদ্দেশ্যে রওনা দিলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

 

বাংলাদেশ রেলওয়ে বগুড়ার সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী আফজাল সোহেল এ তথ্য নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলে আপাতত ট্রেনের গতি ঘণ্টায় ১০ কিলোমিটারে সীমিত রাখা হয়েছে।

 

এর আগে, গতকাল বুধবার দুপুর ২ টার দিকে নীলসাগর এক্সপ্রেস এর ৯টি বগি লাইনচ্যুত হয়। ফলে বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাটি তদন্তে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে।

 

এ দুর্ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের বগুড়া ও নওগাঁর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নওগাঁ ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক আবু জার গাফ্ফার জানান, আহতদের মধ্যে অনেকেরই হাড় ভেঙে যাওয়ার মতো গুরুতর আঘাত রয়েছে।