বগুড়ায় পলিথিন কারখানায় অভিযান, ১৬০০ কেজি জব্দ
স্টাফ রিপোর্টার
বগুড়ায় পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ কেজি পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় র্যাব-১২ সদস্যদের সহযোগিতায় শহরের জয়পুরপাড়া এলাকায় অবস্থিত মা পলি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় এ অভিযান চালায়। এসময় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঐ কারখানা বন্ধ করে দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার। এ সময় র্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ, সহ পরিবেশ অধিদপ্তর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, অভিযানকালে দেখা যায়, কারখানায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হচ্ছে। এসময় ১ হাজার ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইনে কারখানা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।