বগুড়ায় নিউমার্কেটে কমিটি বিরোধে দুই গ্রুপের সংঘর্ষে যুবক আহত, মোটরসাইকেল ভাংচুর
স্টাফ রিপোর্টার
বগুড়া শহরের নিউমার্কেট এলাকায় কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম আবু বকর সিদ্দিক। তিনি শহরের ধরমপুর এলাকার আসমাউল হোসেনের ছেলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় দুই পক্ষ থেকেই থানায় অভিযোগ দিয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর( তদন্ত) মাহফুজ আলম।
জানা গেছে, নিউমার্কেট এলাকায় রাশেদ গ্রুপ ও আসমাউল হোসেন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে কমিটি নিয়ে বিরোধ চলছিল। উভয় পক্ষই বিএনপি-সমর্থক বলে জানা যায়। বিরোধের জের ধরে বিকেলে দেশীয় লাঠিসোটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে রাশেদ গ্রুপের এক অজ্ঞাতনামা ব্যক্তি লাঠি দিয়ে আঘাত করলে আবু বক্কর সিদ্দিক মাথায় আঘাত পান। পরে তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে রাশেদ গ্রুপের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ভাঙচুর হওয়া মোটরসাইকেল দুটি পুলিশ জব্দ করেছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। উভয় পক্ষ থেকেই অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।