দীর্ঘ ১৭ মাস পর নওগাঁয় আওয়ামী লীগের দলীয় অফিসে পতাকা উত্তোলন
নওগাঁ প্রতিনিধি
দীর্ঘ ১৭ মাস পর নওগাঁয় আওয়ামী লীগের দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং অবস্থান নিয়ে স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ভোরে শহরের সরিষাহাটির মোড় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দলীয় ও জাতীয় পতাকা টানিয়ে রেখে সেখান থেকে সরে যায় তারা। পরে এ সংক্রান্ত একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে গিয়ে পতাকাগুলো জব্দ করে সদর থানা পুলিশ।
ছড়িয়ে পড়া ভিডিওতে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনসহ আওয়ামী অঙ্গ সংগঠনের ৫ জন নেতাকর্মীকে স্লোগান দিতে দেখা যায়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, ভোরে রাস্তাঘাট ফাকা থাকার সুযোগে জাতীয় ও দলীয় পতাকা টানিয়ে রেখে গিয়েছিলো আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে ঘটনাস্থলে গিয়ে পতাকা গুলো জব্দ করা হয়েছে।