বগুড়ার শেরপুরে বসুন্ধরা শুভসংঘের দিনব্যাপি কর্মশালা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা তৈরী ও আত্মনির্ভরশীল মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে একদিন ব্যাপি কর্মশালা করেছে বসুন্ধরা শুভসংঘ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল দশটা থেকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী ফাঁসিতলা এলাকাস্থ একটি শিক্ষা প্রতিষ্ঠানের মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে বিশজন পুরুষ ও পাঁচজন নারী সদস্য অংশগ্রহণ করেন। সংগঠনটির শেরপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনুর সঞ্চালনায় সালেহা কমপ্লেক্সের সত্ত্বাধিকারী মো. রফিকুল ইসলাম, ফারুক ইন্টারপ্রাইজের চেয়ারম্যান ফারুক হোসেন, আফরোজা এগ্রো ফুড প্রোডাক্টস্রে সত্ত্বাধিকারী আইয়ুব আলী, কৃষিবিদ মোফাজ্জল হোসেন, বসুন্ধরা শুভসংঘের সদস্য আবু জাফর, গোলাম রব্বানী, হাবিবুর রহমান পান্না প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা কর্মশালায় অংশগ্রহণকারী উদ্দেশ্যে বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং তাঁদের বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতেই সালেহা কমপ্লেক্সের সত্ত্বাধিকারী মো. রফিকুল ইসলাম বর্তমান সময় তরুণদের জন্য সম্ভাবনার সময় উল্লেখ করে বলেন, চাকরির পেছনে না ছুটে, নিজেদের ভেতরের সক্ষমতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলুন। সঠিক প্রশিক্ষণ, ধৈর্য ও সেই অনুয়ায়ী পরিশ্রম করলে যে কেউ সফল উদ্যোক্তা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজকদের মধ্যে থেকে শেরপুর উপজেলা শাখা বসুন্ধরা শুভসংঘের সহ-সভাপতি শিক্ষক শাহনাজ পারভীন বলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অর্থায়নে পরিচালিত বসুন্ধরা শুভসংঘ নামের এই সংগঠনটি। এটি একটি সামাজিক ও জনকল্যাণমুখী সংগঠন। বিশেষ করে অসহায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, করোনাকালে নিম্ন আয়ের দরিদ্র পরিবারগুলোর মাঝে খাবার বিতরণ, শীতবস্ত্র বিতরণ, অবহেলিত দরিদ্র পরিবারের সন্তানদের বিনামূল্যে শিক্ষা প্রদান করে যাচ্ছে। এছাড়া দেশব্যাপি অসচ্ছল নারীদের উন্নয়ন ও স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘ তাদের খুঁজে বের করে প্রশিক্ষণসহ বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করছে। আর এবার অপ্রতিরোধ্য বাংলাদেশ গড়তে তরুণ উদ্যোক্তা তৈরী ও আত্মনির্ভরশীল মানব সম্পদ গড়তে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে। এরই ধারাবাহিকতায় আজকে এই দিনব্যাপি কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান।