বগুড়ায় মহাসড়কে মাথা থেতলানো যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৬৮ বার।

বগুড়ায় মহাসড়কে মাথা থেতলানো অবস্থায় পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাহালু উপজেলার মুরইল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

নিহতের নাম নয়ন ইসলাম (৩০)। তিনি ঢাকার উত্তরখান এলাকায় অবস্থিত এমএ খান ফ্যাশন নামের একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার বাড়ি সারিয়াকান্দি উপজেলায়।

 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

 

ওসি জানান, নিহতের পকেটে থাকা আইডি কার্ড থেকে তার নাম ও পেশা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে কোনো যানবাহন থেকে তিনি সড়কে পড়ে যান। এরপর তার মাথার ওপর দিয়ে অন্য একটি যানবাহন চলে যাওয়ায় মাথা থেতলে যায়।

 

 

তিনি আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তারা থানায় এলে ঘটনার বিস্তারিত জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।