জাতীয় শিক্ষা সপ্তাহে বগুড়ার নৃত্যশিল্পী সৈকতের গোল্ড মেডেল অর্জন
স্টাফ রিপোর্টার
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ সালের প্রতিযোগিতায় বগুড়ার নৃত্য শিল্পী এসএম সৈকত উচ্চাঙ্গ নৃত্যে দেশের ভেতরে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে তিনি গোল্ড মেডেল অর্জন করেন।
বগুড়া জলেশ^রীতলার বাসিন্দা সৈকত বগুড়া আমর্ড ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী থাকাকালেই তার নৃত্যে সফলতা আসতে শুরু করে। স্কুলের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা পেতে থাকেন। ভালো নৃত্যশিল্পীর আশায় তিনি বেশ কয়েকজন নৃত্য প্রশিক্ষক এর কাছে প্রশিক্ষণ গ্রহণ করেন। আজিজুল হক কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষে তিনি ঢাকার আদমজি ক্যান্টমেন্ট কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ছেন।
নৃত্য শিল্পী সৈকত জানান, ২০২৩ সালে শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায়, শিল্পকলা আয়োজিত নৃত্য প্রতিযোগিতা, ২০২২ সালে নৃত্যশিল্পী সংস্থা আয়োজিত ভোরের পাখি আয়োজিত, ২০২৩ সালে সোহাগ ডান্স ট্রু্যপ, নৃত্যাঙ্গন নামের সংগঠন ও প্রতিষ্ঠান থেকে আয়োজিত নৃত্য প্রতিযোগিতায় উচ্চাঙ্গ নৃত্য করে একাধিকবার চা্যম্পিয়নশীপ অর্জন করেন। তিনি উচ্চাঙ্গ, লোকনৃত্য, ভরত নাট্যম, দলীয়নৃত্য প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিভিন্ন সময়ে তিনি সাফল্য অর্জন করেন। সব মিলিয়ে তিনি জাতীয় পর্যায়ে ১২ বার শ্রেষ্ঠত্ব অর্জন করেন। তার নৃত্যের শিক্ষা জীবনে হাতে খড়ি হয় রবীন্দ্রনাথ সরকার রবিনের হাত ধরে। এছাড়া মুনমুন আহম্মেদ, গোলাম মোস্তফা ববি নৃত্যছন্দম আর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সৈয়দ আশিক ফারুক বারবার অবদান রেখেছেন। তার জীবনের নৃত্যগুরুদের স্পর্শে এসেই সফলতার পথে হাঁটতে শিখেছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ সালের প্রতিযোগিতায় বগুড়ার নৃত্য শিল্পী সৈকত উচ্চাঙ্গ নৃত্যে দেশের ভেতরে চ্যাম্পিয়ন হয়ে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার গ্রহণ করেন। সারাদেশের প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।